ইসলামাবাদ সংলাপ স্থগিত: যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যাচ্ছে না ইরান
ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত সংলাপ স্থগিত করেছে ইরান। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে— যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতি প্রক্রিয়ায় লেবাননকেও অন্তর্ভুক্ত করতে চায় তেহরান। এদিকে লেবাননের সরকারি কর্মকর্তারাও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি সংলাপে অংশ নিতে প্রস্তুত রয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে টানা ৪০ দিন সংঘাতের পর যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এই বিরতিকে স্থায়ী সমাধানের দিকে এগিয়ে নিতে শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের সংলাপে বসার কথা ছিল।
এর আগে বৃহস্পতিবার পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, ইরানি প্রতিনিধিরা ইসলামাবাদের উদ্দেশে রওনা হচ্ছেন। তবে পরবর্তীতে তিনি সেই পোস্টটি মুছে ফেলেন এবং এখন পর্যন্ত ইরানি প্রতিনিধিদের ইসলামাবাদে পৌঁছানোর কোনো তথ্য পাওয়া যায়নি। একইভাবে মার্কিন প্রতিনিধিদের উপস্থিতির বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।
এর মধ্যে গত ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পরদিন ৮ এপ্রিল লেবাননে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ২৫৪ জন নিহত এবং আরও প্রায় ১ হাজার ১০০ জন আহত হন। নিহত ও আহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক বলে জানা গেছে।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।
.jpeg)
একটি মন্তব্য পোস্ট করুন